অর্থনীতিবিদ অধ্যাপক মো. আনিসুর রহমান মারা গেছেন। আজ রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। হাসপাতালটির জনসংযোগ বিভাগের একটি সূত্র জানিয়েছে, আজ দুপুর ১টা ১০ মিনিটে আনিসুর রহমান মারা যান। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
আনিসুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স ফেসবুকে এক পোস্টে বলেছেন, 'আমরা শোকাহত। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান স্যার আর নেই। দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। দেশ ও গন মানুষের প্রতি তাঁর অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। স্যারের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।'
আনিসুর রহমান বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অর্থনীতিবিদ।










