ঢাকার গুলিস্তান এলাকা থেকে অবিস্ফোরিত দুটি ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতার ওই দুই ব্যক্তি নাশকতার প্রস্তুতিকালে হাতেনাতে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালায় পল্টন মডেল থানার একটি দল। ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ধরতে পুলিশের এই অভিযান চলছিল। ওই সময় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতির নেয়ার সময় ওই দুই যুবককে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। তারা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ রাজধানীর আরো কয়েকটি এলাকায় তারা ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় বিস্ফোরক আইনের ৫ ও ৬ ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্র জানিয়েছে, এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।