বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ শনিবার (২৫ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান। পরে বাংলা একাডেমিও এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এ সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?’

পরে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত নোটিসে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির এক সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‘‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’’ এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এ অবস্থায় বাংলা একাডেমি পুরস্কারের পূর্বঘোষিত নামের তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনঃপ্রকাশ করা হবে।’

গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য ১০ জনের নাম ঘোষণা করে বাংলা একাডেমি। তারা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

কিন্তু পুরস্কৃত হতে যাওয়া ব্যক্তিদের নাম ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া এবার কোনো নারীকে মনোনীত না করায় সমালোচনা হচ্ছিল। অন্যদিকে একাধিক ব্যক্তির বিগত সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা হয়।