দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নকে আরো গতিশীল করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, ‘সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণেও সরকার কাজ করছে। বাংলাদেশের যোগাযোগ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত ও সমন্বিত অবকাঠামো উন্নয়ন জরুরি।’
গতকাল সচিবালয়ে মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়ন, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ-পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
শেখ রবিউল আলম বলেন, ‘জনগণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট নিরসন, পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুধু যাতায়াত সহজ করার বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ কারণে সরকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।’
যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের পরিবহন খাতকে আরো কার্যকর ও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এক্ষেত্রে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পগুলোয় ভবিষ্যতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে।










