চতুর্থ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ গতকাল আনুষ্ঠানিকতার ম্যাচে শীর্ষ পারফরমার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও মেহেদী হাসানকে ছাড়াই খেলতে নামে। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে স্বাগতিকরা ম্যাচ হেরেছে ২৭ রানে। সেরা ব্যাটিং প্রদর্শনীটা শেষ ম্যাচের জন্য জমিয়ে রাখা কিউইরা কাল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রানের সৌধ গড়ে। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয়।
ফিন অ্যালেনের ঝড়ো সূচনার পর অধিনায়ক টম ল্যাথামের হাফ সেঞ্চুরি সফরকারী নিউজিল্যান্ডকে এনে দেয় বড় সংগ্রহ। অ্যালেন ২৪ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৪১ রান করে অতিথি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এরপর ইনফর্ম ল্যাথাম ৩৭ বলে দুটি করে চার ও ছক্কায় ৫০ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ ১৫০ পার করান। এছাড়া পুঁজি বড় করতে অবদান রাখেন হেনরি নিকোলস (২০) ও রাচিন রবীন্দ্র (১৭)। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম দুটি উইকেট নিলেও চার ওভারে রান খরচ করেন ৪৮।
স্পিনার আজাজ প্যাটেল (২/২১) ও পেসার স্কট কুগেলিনের (২/২৩) দুরন্ত বোলিংয়ের মুখে বাংলাদেশ ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। বিশাল রান তাড়া করতে নেমে আফিফ হোসেন (৩৩ বলে ৪৯*) ও মাহমুদউল্লাহ (২৩) লড়াই করলেও তা বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
অবশ্য এ হারের পরও ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের গৌরব বাংলাদেশেরই থাকছে। ম্যাচ শেষে বাংলাদেশ দলনায়ক মাহমুদউল্লাহ বলেন, আমরা জিততে চেয়েছিলাম, যদিও নিউজিল্যান্ড অনেক ভালো ব্যাটিং করেছে এবং আমরা রান চেজ করতে পারিনি। এর পরও সিরিজ জিততে পেরে আমি খুশি।
গোটা সিরিজে বোলাররা ভালো করলেও গতকাল শেষ ম্যাচে তার প্রতিফলন নেই। মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, মেহেদী হাসান ও সাকিব আল হাসানের মতো চার সেরা বোলারের অভাব প্রকটভাবে ফুটে ওঠে। বোলিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমি মনে করি বোলাররা ভালোই করেছে, যদিও শেষটা ভালো হয়নি। স্পিনাররা সত্যিই ভালো করেছে। শরিফুল দুটি উইকেট নিয়েছে এবং আমাদের ছন্দ এনে দিয়েছিল। এরপর চেজ করার সময় আমরা যথেষ্ট ভালো সূচনা পাইনি। আমি ও আফিফ পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম, যদিও তাদের বোলাররা পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পেরেছে।
বিশ্বকাপের আগে তিনটি সিরিজ জয় নিয়ে মাহমুদউল্লাহ বলেন, গত তিনটি সিরিজ জয়ের পথে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এটা বিরাট উদ্দীপনামূলক। আশা করি, আমরা যখন বিশ্বকাপে যাব তখন পুনরায় সংঘবদ্ধ হব এবং জিততে শুরু করব।
শেষ ম্যাচে দারুণ এক জয়ে সিরিজটা ২-৩ করল কিউইরা। এ সাফল্যে আনন্দিত দলনায়ক টম ল্যাথাম বলেন, এভাবে সিরিজটা শেষ করতে পারাটা দুর্দান্ত। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা পারফেক্ট পারফরম্যান্সে শেষ করতে পেরেছি।
৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ। গতকাল শেষ ম্যাচে তিনি নেন একটি উইকেট। সিরিজে সর্বোচ্চ ১০টি উইকেট নেন কিউই স্পিনার আজাজ প্যাটেল। এদিকে গতকাল সিরিজে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেয়া কিউই দলনায়ক টম ল্যাথাম হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। সিরিজেও সর্বোচ্চ ১৫৯ রান তার। দ্বিতীয় সর্বোচ্চ ১২০ রান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর।










