বেসরকারি বিদ্যুৎ খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (আইপিপি) এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করা হবে। এক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে, তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিশেষ আইনের অধীনে চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিএআরসি আইনের ৩৪-এর ‘ক’ ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। প্রয়োজনে আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেয়া হবে।’
এ সময় আইপিপি নেতারা তাদের বেশকিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা তাদের অনুরোধ আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সংগঠনের সাবেক চেয়ারম্যান ইমরান করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ নেতারা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










