ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় দায়ের মামলায় গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকেও গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। এতে গোলাম দস্তগীর গাজীও আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া। বণিক বার্তাকে তিনি বলেন, ‘রাজধানীর শান্তিনগর পীরের গলি থেকে গোলাম দস্তগীর গাজীকে শনিবার রাত পৌনে ৩টার দিকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়।’
এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গতকাল দুপুরে রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ একসময় সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে।










