সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৪ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের ১০ জনকে যশোর সদর হাসপাতালে ও ১৪ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। আজকের (বুধবার) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এসব চিকিৎসক হাসপাতালগুলোর করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন সোমবার এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে করোনা চিকিৎসার জন্য যেসব চিকিৎসককে যশোর সদর হাসপাতালে বদলি করা হয়েছে, তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিলে সাতক্ষীরার জন্য ভালো হতো।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, সাতক্ষীরায় করোনার এ সংকটকালে এতসংখ্যক চিকিৎসককে একযোগে বদলি করায় সাতক্ষীরা মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। আইসিইউ বন্ধ হয়ে যাবে। পিসিআর টেস্টের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককেও বদলি করা হয়েছে।