ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুর পর সবাইকে ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান।
সিঙ্গাপুরে গতকাল রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান এ আহ্বান জানান। এ সময় তিনি ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শরিফ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউসনূস।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদীর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া শুক্রবার দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদীর এ অকালমৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যরা, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরিফ ওসমান হাদীর অকালমৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
একই সঙ্গে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরিক হোন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোয়ও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।










