রাজশাহীতে নিজ শোয়ার ঘরে মিলল ষাটোর্ধ্ব গোলেজান বিবির গলাকাটা মরদেহ। গতকাল সকালে নগরীর বামনশিখর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নগরীর মতিহার থানা পুলিশ।

নিহত গোলেজান বিবি ওই এলাকার মৃত ইয়াকুব আলীর স্ত্রী। আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় ঘরে তিনি একাই ঘুমোচ্ছিলেন। তবে পাশের ঘরে তার ১১ বছরের নাতি শিমুল ঘুমিয়ে ছিল। ঘটনা সম্পর্কে শিমুলের কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা তার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, তারা এ হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে এখনো কিছু বুঝে উঠতে পারেননি।