ব্রাহ্মণবাড়িয়ার আশুগুঞ্জে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের আশুগঞ্জ তালশহরে রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই (নি.) সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের তালশহর এলাকায় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা মারা যান। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, ওই বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধার পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনটির চেয়ারম্যান মো. আজহার উদ্দিন জানিয়েছেন।










