রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৩ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এসব মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান ও আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
রমনা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ও আশেপাশে দেড় লাখের বেশি মানুষ সমবেত হয়। সে সময় প্রধান বিচারপতির বাড়ির সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন উপ-পরিদর্শক সহিদুল ওসমান। তদন্ত শেষে চলতি বছর সবাইকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।









