রাজধানীর উত্তরা ও তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া ও কক্সবাজারে আরো তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অমিত (২৩), নাঈমুল হক (৩২) ও জাবেদ আলম খান (৫৫)। এদের মধ্যে অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। গতকাল সকালে উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।
অন্যদিকে রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাজ্জাদ হোসেন (২০) ও তার বন্ধু ফাহিম (২৭)। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। সাজ্জাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন ছোট। সাজ্জাদের বন্ধু ফাহিমের বাড়ি ফেনী জেলায়। কয়েক দিন আগে ফেনী থেকে সাজ্জাদের বাড়িতে আসেন তিনি।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীতে মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
বগুড়া: জেলার কাহালুতে দুটি ট্রাকের সংঘর্ষে আলতাফ হোসেন (৪৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)। গতকাল সকালে উপজেলার বিবিরপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেইন নগর গ্রামের নুসুম উদ্দিন ব্যাপারীর ছেলে।
অন্যদিকে গতকাল বেলা দেড়টায় সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জিলা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
কক্সবাজার: মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পারভেজ মোশাররফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুরে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইট পাড়া এলাকার আবুল ফয়েজের ছেলে।










