নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা ব্যর্থ হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সহিংসতা ও নিরাপত্তা হুমকি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন আইজিপি, পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র ও আইন সচিব, এনটিএমসি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
বৈঠকে সম্প্রতি ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, ওই হামলাকারী হাদীর সঙ্গে বেশ কিছুদিনে সখ্যতা গড়ে তোলে। তারপর সুযোগ বুঝে হামলা চালায়। এটা ছিল পরিকল্পিত ও চোরাগোপ্তা আক্রমণ। তিনি বলেন, সামনে এ ধরনের হামলার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
দুটি জেলার নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ডেভিল হান্ট-১ নামে একটি অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা সবাই এখন জামিনে ছাড়া পেয়ে গিয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে।
তিনি জানান, গতকাল থেকে ‘রেবেল হান্ট-২’ নামে দ্বিতীয় দফার অভিযান শুরু হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে। এ ছাড়া এ পর্যায়ে আমরা আরো গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। যারা নির্বাচনকে অস্থিতিশীল করতে চায়, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর একে অপরকে দোষারোপ এবং সোশ্যাল মিডিয়ায় অপরিপক্ব তথ্য ছড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ইমম্যাচিউর তথ্য ও দোষারোপের রাজনীতি মাঠের নাশকতাকারীদের উৎসাহিত করছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।










