জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে ছেড়ে আসা বিদেশী জাহাজ ইমকি মোংলা বন্দরে ভিড়েছে। বুধবার বিকালে ইতালির পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নং জেটিতে নোঙর করে। মোংলা বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও ৮০টি প্যাকেজে করে এর যন্ত্রাংশ আনা হয়েছে এ জাহাজে।
বন্দর সূত্রে জানা যায়, ১ হাজার ৩৩২ টন ওজনের এ মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এসব ক্রেন দিয়ে বন্দরে আসা ১২ সারির জাহাজের কনটেইনার একসঙ্গে স্থানান্তর করা যাবে।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বুধবার বিকালে অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ ইমকি। এক মাস আগে জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল ক্রেন নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন নতুন যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে।










