দিনাজপুরের বিরামপুরে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় ইসরাত জাহান মীম (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোকলেছুর রহমান (৪২) নামের এক স্কুল শিক্ষকও আহত হয়েছেন। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ, আটক করা হয়েছে বাসের চালক ও হেলপারকেও।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ধানহাটির মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইসরাত জাহান বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মতিউর রহমানের মেয়ে। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আহত মোকলেছুর রহমান ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আজ উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রতিযোগিতায় অংশ নিতে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকলেছার রহমানের মোটরসাইকেলে চড়ে ইসরাত জাহান উপজেলা পরিষদে যাচ্ছিল। পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব১৫/৫২১১) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ইসরাত জাহান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন, এঘটনায় স্কুল শিক্ষক আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসরাতকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং এর চালক মোসলেম উদ্দিন ও হেলপার সবুজকে আটক করা হয়েছে।










