ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার নতুনবাড়ি এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (২৩ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উপজেলা পাড়ার বাসিন্দা। তিনি আজিজুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর দিকে আসছিল। ভোর ৫টার দিকে নতুনবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সার বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লা-আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।