চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীবাসীর ঈদ উদযাপনে বাড়তি উপলক্ষ হিসেবে এবার থাকছে ‘ঈদ আনন্দ মিছিল’। আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠ (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ) থেকে শুরু হবে এই মিছিল।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঈদের দিন সকাল ৯টায় শুরু হবে ‘ঈদ আনন্দ মিছিল’। বাণিজ্য মেলার পুরাতন মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা চত্ত্বরে গিয়ে (মানিক মিয়া এভিনিউ) এটি শেষ হবে। এর আগে, সকাল সাড়ে ৮টায় বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো জানান, ঈদ মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে আগত দর্শনার্থীদের জন্য ঈদের মিষ্টি ও সেমাই পরিবেশন করা হবে।
এছাড়া, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুইদিন ব্যাপী ঈদমেলার আয়োজন থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।










