কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে ভারত থেকে গরু আনার সময় ধাওয়া খেয়ে নদীতে লাফ দিলে এ ঘটনা ঘটে। নিহত ওই গরু ব্যবসায়ীর নাম খায়বর আলী (৪২)। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে ১০-১২ জন বাংলাদেশী ব্যবসায়ী গরু আনতে যান। এ সময় সীমান্তের নিকটবর্তী বিজিবির টহল দলকে দেখে আত্মগোপন করতে তারা বিভিন্ন দিকে লুকিয়ে পড়েন। কিন্তু খয়বর ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়েন। ভারতের কুকুরমরার বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বরকে দেখে ফেলে ও ধাওয়া দেয়। এ সময় জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেন তিনি। এর পর থেকেই নিখোঁজ ছিলেন খয়বার। পরে গতকাল বেলা আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসকে আজাদ জানান, নিহত খয়বরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।