চার বছর বন্ধ থাকার পর চালু হবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। গতকাল দুপুরে ভারত ও বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে হাটের সংস্কারকাজ পরিদর্শন করেন কমিটির নেতারা।

পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার সীপাহিজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার।

গতকালের বৈঠকে হাটের সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তা চালু হলে আগের অবস্থা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন সুব্রত মজুমদার। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা পৌরমেয়র এমজি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্ত হাট পরিদর্শন শেষে বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেসমিন সুলতানা জানান, আলোচনার মাধ্যমে হাট খোলার জন্য সম্ভাব্য তারিখ ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। ভারতের তরফ থেকে হাটে নতুন বাংলাদেশী পণ্য হিসেবে তাজা মাছ চাওয়া হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সীমান্তবর্তী বাসিন্দাদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন হাটের ভারত অংশের সভাপতি।