রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০) নামে দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটচালক ছাড়াও আহত হয়েছেন আরও ছয় যাত্রী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানিয়েছেন, শুক্রবার দুপুরে একটি স্পিডবোট দূরছড়িবাজার থেকে আটজন যাত্রী নিয়ে যাচ্ছিল। কাট্টলী বিলে একটি বালুবাহী বোটের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।


এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানিয়েছেন ওসি আরিফুল।