বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (১ আগস্ট)  বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরবর্তীতে স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ  নেন।

স্পিকার পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল,ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ড. শিরীন শারমিন চৌধুরী কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।