বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল ও আকাশপথে সারাদেশের সাথে ভালো যোগাযোগ রয়েছে জেলাটির। পদ্মাসেতু চালু হলে সারাদেশের সঙ্গে বরিশালের দূরত্ব কমবে, ফলে বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দোরাইস্বামী বলেন, কবি জীবনানন্দ দাশ, শের-ই-বাংলা এ কে ফজলুল হকসহ গুণীজনদের পূণ্যভূমি বরিশাল। এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি খুব আনন্দিত।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আনিসুর রহমান স্বপন। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু, খেলাঘরের সংগঠক মঈনুল ইসলাম সবুজ প্রমুখ।

এর আগে বিক্রম কুমার দোরাইস্বামীকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন।