বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গুলশান ক্লাবে আয়োজিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

বাপার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও লালতীর সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাপার সহসভাপতি ও প্যারাগন এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান। এতে বাপার প্রায় ২০০ সদস্য অংশ নেন।

সভায় বাপার সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং সিজি ফুডস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সদস্য তাবিথ এম আওয়ালসহ অন্যরা বক্তব্য দেন। তারা সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বাপার বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। অডিট প্রতিবেদনসহ আর্থিক বিষয়াদি উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।

সভায় বাপার কার্যনির্বাহী কমিটির সদস্যরাও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করে কার্যনির্বাহী সদস্য কোহিনুর কামাল বলেন, প্রচলিত মোবাইল কোর্ট যেন হয়রানিমূলক, ভীতিকর বা অপমানজনক না হয়। একই সঙ্গে কোনো ব্র্যান্ডের দীর্ঘদিনের সুখ্যাতি নষ্ট হওয়ার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।