বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন করায় আটটি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
অভিযানে চালিয়ে আটটি ড্রেজার মেশিনসহ ১০০ ফুট পাইপ ও আনুমানিক ১০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে। জব্দকৃত বালি স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের জিম্মায় রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালি ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের কয়েকজন সাত বছর ধরে অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িত। গত এক মাস ধরে তারা জোড়গাছা গ্রামের বাঙালি নদী থেকে বেশ কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালি উত্তোলন এবং বিক্রয় করে আসছিলেন। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বালি উত্তোলনের স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।










