বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কয়েক হাজার শিক্ষক। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে শহীদ মিনার থেকে এ কর্মসূচি শুরু করা হয়। তাদের আটকাতে শিক্ষা ভবন মোড়ের আগে হাইকোর্ট মাজারগেটে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। শুরুতে দুপুর ১২টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরে পিছিয়ে বিকাল ৪টায় করা হয়।
শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।










