কোটা সংস্কার আন্দোলনের প্রার্থনা কর্মসূচি ছিল আজ (২ আগস্ট)। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের মিছিল ও গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে পুলিশ থাকায় ১ নম্বর গেটে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আন্দোলনে জমায়েত হয়েছে নর্থ সাউথ, গ্রিন ইউনিভার্সিটি, এআইউবি এবং আইউবির শিক্ষার্থীরা। 

আজ সকাল থেকেই রাজধানীর ভাটারা থানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জুমার দিন হওয়ায় সাধারণ মানুষ এ পথে নামাজের জন্য যাতায়াত করেছেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন ভাটারা থানার ওসি মাঈনুল হাসান।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সোমবার (২৯ জুলাই) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছিল পুলিশ।

এরপর গতকাল (১ আগস্ট) এক বিবৃতি দিয়ে আন্দোলনকে কেন্দ্র করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থীকে যেন হয়রানি করা না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেই সঙ্গে, বিশ্ববিদ্যালয়টির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলেও জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।