সুন্দরবনে মাছ আহরণ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু হাওলাদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে পুর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। সে বাগেরহাটের শরনখোলা উপজেলার বনসংলগ্ন সোনাতলা গ্রামের মো. হরমুজ হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার বলেন, আমার ছোট ভাই আবু হাওলাদার ১০ সেপ্টেম্বর সকালে শরনখোলা স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ আহরণ করতে সুন্দরবনে যায়। সোমবার গভীর রাতে ভাটির সময় জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ আবু হাওলাদারকে কামড় দেয়।
এসময় তার ডাকচিৎকার দিলে সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বনসংলগ্ন চালিতা বুনিয়া এলাকার এক ওঝাঁর মাধ্যমে আবুকে দু-দফা ঝাড়-ফুঁক দেয়া হয়। এতে তিনি সুস্থ না হওয়ায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হাওলাদারকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার।










