বরিশালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আবুল বাশারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী বরিশাল বিমানবন্দর থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকার বাসিন্দা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, এসআই আবুল বাশারের বিরুদ্ধে গতকাল দুপুরে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী। এ ঘটনায় তাকে দুপুরেই গ্রেফতার করে বিকালে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে পরিচয় হয় বাদীর। তখন মোবাইল নম্বর আদান-প্রদান হয় দুজনের মধ্যে। ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে আবুল বাশারকে ফোন করেন ওই নারী। বাদী তার অবস্থান জানালে সেখানে যান আবুল বাশার। তখন আবুল বাশার তার অফিসে বসে কথা বলার জন্য বলেন। এরপর ভুক্তভোগীকে বিকাল ৪টার দিকে নগরীর প্যারারা রোডের একটি হোটেলে নিয়ে যায়। হোটেলের ২০৪ নম্বর কক্ষে কথা বলার একপর্যায়ে আবুল বাশার ওই নারীকে ধর্ষণ করেন। পরে বিকাল ৫টার দিকে হোটেল থেকে বের হয়ে যান ভুক্তভোগী।









