দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, তরুণদের সামনে এখন অস্ত্রের যুদ্ধ নয়, উন্নত বাংলাদেশ গড়ে তোলার লড়াই।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তবে এ যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করছে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, এ প্রশিক্ষণকে শুধু ব্যক্তিগত উন্নয়নের অংশ হিসেবে দেখলে হবে না। দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবেও এটিকে নিতে হবে।
তিনি বলেন, দেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েশন অর্জনকারীদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।










