দেশে বাড়ছে কভিড-১৯-এর সংক্রমণ। এরই মধ্যে উৎপাদনের যাওয়ার পরিকল্পনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এর আগেও একাধিকবার উৎপাদনের যাওয়ার পরিকল্পনা করলেও করোনার কারণে যেতে পারেনি দেশের বড় এই অর্থনৈতিক অঞ্চল। তবে পুনরায় আশার বাণী শোনাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আগামী মার্চের মধ্যে অন্তত চারটি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করছে বেজা কর্তৃপক্ষ। এগুলো হলো এশিয়ান পেইন্ট, ম্যাগডোনাল স্টিল, মডার্ন সিনট্রেক ও জাপানের নিপ্পন স্টিল। জাপানের নিপ্পন স্টিল এখানে একটি অটোকার ম্যানুফ্যাকচারিং কারখানা করেছে। এরই মধ্যে তারা ৬০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে।

সংশ্লিষ্টরা জানান, মিরসরাই-ফেনী-সীতাকুণ্ডের ৩০ হাজার একর জমির ওপর নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এরই মধ্যে অর্ধশতাধিক দেশী-বিদেশী কোম্পানি জমি নিয়েছে। মাটি ভরাট করে প্রস্তুত করা হয়েছে ২০০০ একর জমি। সর্বশেষ গত ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শনে আসেন সৌদি সরকারের পরিবহন ও লজিস্টক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের। তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র জানায়, ৭ হাজার ৭১৬ একর জমিতে এবং সমুদ্রতীরবর্তী  জেগে ওঠা ১৫ হাজার একর জমির মধ্যে চারটি মৌজায় ৬ হাজার ৩৯০ একর জায়গায় শুরু হয়েছে কর্মযজ্ঞ। চায়না হারবার কোম্পানির তত্ত্বাবধানে সেখানে নির্মিত হয়েছে অবকাঠামো, তৈরি হচ্ছে সড়ক যোগাযোগ। এরই মধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে ১৯ কিলোমিটার পাকা সড়ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মিরসরাই ইপিজেড পর্যন্ত নির্মাণ হচ্ছে চার লেনের আরো ১০ কিলোমিটার শেখ হাসিনা অ্যাভিনিউ। মেরিন ড্রাইভ সড়ক সংযুক্ত হচ্ছে এ অঞ্চলের সঙ্গে। সমুদ্র উপকূলঘেঁষে ১২০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড, নেভি ও চায়না হারবার কোম্পানি সাড়ে ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের  মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করছে। কারখানায় পানি সরবরাহের জন্য দুই একর জমিতে তৈরি করা হবে জলাধার। সমুদ্রবন্দর নির্মাণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। গ্যাস সরবরাহের জন্য ২৮৯ কোটি টাকা ব্যয়ে পাইপলাইন বসিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড স্থাপন করেছে ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। এছাড়া ১ হাজার ৮০০ মেগাওয়াটের আরো একটি বিদ্যুৎকেন্দ্র করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে ৫০ একর জমি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, এ অঞ্চলে দেশী-বিদেশী শিল্প উদ্যোক্তারা ৮৩ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন। সেখানে প্রায় দুই হাজার একর জমিতে বিনিয়োগ করতে চায় বসুন্ধরা, পিএইচপি, কেএসআরএম, বিএসআরএম, ঝেজিয়াং, কুনমিংসহ বিভিন্ন শিল্প গ্রুপ। এছাড়া ১ হাজার ৭৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সামিট চিটাগাং পাওয়ার, ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রি, বিপিডিবি আরপিসিএল পাওয়ার জেনারেশন কোম্পানি বিনিয়োগ করতে চায় ১ হাজার কোটি টাকা, আরব-বাংলাদেশ ফুড ১০০ কোটি টাকা, গ্যাস-১ লিমিটেড ২০০ কোটি টাকা, ফন ইন্টারন্যাশনাল ২০০ কোটি টাকা, ট্রেড ইন্টারন্যাশনাল সাড়ে ৫০০ কোটি টাকা, আরমান হক ডেনিমস ১০০ কোটি টাকা এবং অর্কিড এনার্জি ২০০ কোটি টাকা। সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব করেছে পিএইচপি গ্রুপ। পিএইচপি স্টিল ওয়ার্কস বিদেশী কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে সেখানে স্টিল মিল স্থাপন করবে।

বেজার সহকারী ব্যবস্থাপক আমজাত হোসেন বণিক বার্তাকে জানান, আগামী মার্চের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের চারটি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব সরকার।