ফরিদপুরের সালথার এসকেন সরদার নামের এক কৃষক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রোববার (৩ মার্চ) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার সালথার দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, একই গ্রামের ফজলু সরদারের ছেলে বিকুল সরদার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, একই গ্রামের আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মৃত খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ ডিসেম্বর ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকার একটি ফসলের মাঠে কৃষক এসকেন সরদারকে কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে এ ঘটনার একদিন পরে নিহত কৃষকের পরিবার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।










