সুনামগঞ্জে একই পরিবারের তিন ভাই-বোনসহ আরও পাঁচজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হলেন ৭৫ জন। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুর গ্রামের একই পরিবারের তিন-ভাই বোন রয়েছে। এদের বয়স ১৩ থেকে ১৮’এর মধ্যে। এর আগে ১৩ মে তাদের বাবা আক্রান্ত শনাক্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে আনা হয় তাকে।

গত শনিবার (১৬ মে) এই পরিবারের ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রোববার রাত ১১টায় জানানো হয় ৮ জনের মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, শনিবার সকালে যাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল, এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত বলে রোববার রাত ১১ টায় জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের একই পরিবারের ৩ ভাই বোন এবং ছাতক উপজেলায় ১ ও তাহিরপুর উপজেলায় আরও ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুরের নতুন আক্রান্ত পরিবারের আরেকজন সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে আছেন।