পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন নানান অ্যাডো আকুফো-অ্যাডো।

এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্থাটির ২৫ জন পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চান।

আইজিপি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাইবার মনিটরিং, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

আইজিপি আরো বলেন, বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।