মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি নির্মাণসাইটে অভিযান চালিয়ে ৮৪ জন বাংলাদেশীসহ ২২৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। মঙ্গলবার জোহরের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামের একটি নির্মাণসাইটে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে অভিযানের বিস্তারিত তথ্য দেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।

তিনি জানান, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়, ওই নির্মাণস্থলে অনেক বিদেশী শ্রমিক কাজ করছেন যাদের বৈধ কাগজপত্র নেই। এরপরই অভিযান চালিয়ে মোট ৬৬৪ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে যাদের বৈধ অনুমতি বা পাস নেই, এমন ২২৫ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালের নাগরিক। একই সময় ওই নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

ইমিগ্রেশন কর্মকর্তা আরো জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে। এসব ধারায় অবৈধ প্রবেশ, অনুমতির মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থান ও পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটকদের জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।