ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রাজধানীর সমৃদ্ধ অতীতকে স্মরণে রাখতে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের অয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ওই উৎসবের মাধ্যমে শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ডিএসসিসি প্রশাসকের নির্দেশনায় গঠিত উপ-কমিটি ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাইকৃত ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শনের জন্য নির্ধারণ করেছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার ও সিনেমাটোগ্রাফারসহ বিশিষ্ট কুশলীদের সম্মাননা দেয়া হবে।

WhatsApp Image 2026-08-19 at 8.01.35 PM

চলচ্চিত্র উৎসবের সময়সূচি

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে। ২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে। ২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে। ২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ দেখানো হবে।

এছাড়া ২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ প্রদর্শিত হবে। উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধূ বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।

‘উৎসব, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসি কেবল চলচ্চিত্র উৎসবই নয়, সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্ন অভিযানের মতো বর্ণাঢ্য নানা নাগরিক উদ্যোগ গ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।