শক্তিশালী স্থানীয় সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা দরকার বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি মনে করে, আগামী দুই-তিন মাসের মধ্যে সরকার তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন প্রক্রিয়া চলতে পারে।
আজ শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দীন মোহাম্মদ এ কথা বলেন।
শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।
আলাউদ্দিন মোহাম্মদ বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকার কারণে জন্মনিবন্ধন সনদ, মৃত্যুসনদের মতো মৌলিক সেবাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং স্থানীয় সরকার কাঠামো একেবারেই ভেঙে পড়েছে। এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে আমরা জেনেছি। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার পরিচয় দিতে এবং স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে জাতীয় রাজনীতি থেকে আলাদা করে একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার।
তিনি বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন প্রক্রিয়া চলতে পারে।










