বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। আজ বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। এ সময় তারা দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার ও চোরাচালান রোধে নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহযোগিতার কথা বলেন। পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহায়তার ওপর গুরুত্ব দেয়া হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ইতালির সহায়তা কামনা করেন। তিনি নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে কাজের সমন্বয় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বৃদ্ধির বিষয়েও তিনি আলোকপাত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।










