ইন্টারনেটে নিরাপত্তা, গুজব প্রতিরোধে ব্যর্থ হয়ে টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিটিআরসি এবং খাতসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ব্যর্থতার দায় মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারের ওপর চাপিয়েছে। গত দুদিন আগে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খাজা টাওয়ার ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি। অথচ আইএসপিএবি এবং বিটিআরসি ও আইসিটি প্রতিমন্ত্রী বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন ডাটা সেন্টারের ওপর। গতকাল  সেলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সশরীরে মহাখালী পরিদর্শন এবং সংশ্লিষ্ট ভবনের অনেকের সঙ্গে কথা বলে জানতে পারে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিদর্শন শেষে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘গত ১৬ ও ১৭ জুলাই সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ১৮ জুলাই সন্ধ্যা থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাসহ মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতির উদ্ধৃতি দিয়ে জানতে পারি, মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত ডাটা সেন্টারে হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। অন্যদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানান, গুজব প্রতিরোধে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। পরে তিনি বলেন, ‘‌বিভিন্ন স্থানে ফাইবার কাটা ও ডাটা সেন্টারে সন্ত্রাসী হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।’