নাটোরে বাদুড় শিকারের দায়ে অমল সরদার (৫৫)
নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল
দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে বস্তাভর্তি মৃত বাদুড়সহ আটকের পর নির্বাহী
ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন তাকে এ দণ্ড দেন। দণ্ডিত অমল সরদার যশোরের চৌগাছা
উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য সরদারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান
চালানো হয়। এ সময় অমল সরদারের সঙ্গে থাকা দুটি বস্তা ও একটি ব্যাগ দেখে সন্দেহ হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বস্তায় মৃত বাদুড় রয়েছে বলে জানান। এসব বাদুড় তিনি
খাদ্য হিসেবে বিক্রি করার জন্য এনেছিলেন। পরে তাকে হাইওয়ে পুলিশ ভ্রাম্যমাণ আদলেতে
হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।










