কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনার লক্ষ্যে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কর্তৃক আয়োজিত ‘পুটিং
পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাট দ্য সেন্টার অন হিউম্যানিটারিয়ান প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায়
ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সিডিডির নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান।
উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার, সিডিডির প্রজেক্ট ম্যানেজার আবু আল তারেক আহমেদ, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মান্নান ও জনপ্রতিনিধিসহ স্থানীয়রা।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার বলেন, আমার ইউনিয়নে প্রতিবন্ধীদের মূল স্রোতে নিয়ে আসতে সিডিডি প্রকল্প কাজ করবে।
এ প্রকল্পকে সাধুবাদ জানাই।
প্রকল্পের কাজে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে আমার।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রাম দুর্যোগপ্রবণ এলাকা।
এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদরের যাত্রাপুর ইউনিয়ন।
দুর্যোগকালীন সাধারণ জনগণের চেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা বেশি দুর্ভোগে পড়েন।
তাদের নিয়ে সিডিডি কাজ করার ইচ্ছা পোষণ করায় আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি।
সমাজসেবা অফিস থেকে সিডিডির কাজে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান, প্রতিবন্ধী সেবাকেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এটিএম ফেরদৌস, প্রকল্প ম্যানেজার ডা. মো. মাহফুজুর রহমান ও ভোগডাঙ্গা ইউনিয়নের প্রতিবন্ধী এবং অভিভাবকরা।
উন্নয়ন সংগঠন ফ্রেন্ডশিপ আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আজকের এ সময়ে সমাজে সবচেয়ে বেশি অবহেলিত।
তারাও মানুষ।
ফলে সমাজের প্রাণ রক্ষার্থে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের সমাজের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।









