কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।
আজ সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বিশনন্দীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।
বারটানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির আঙ্গিনায় উপদেষ্টা একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে উপদেষ্টা আড়াইহাজার থানার অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।










