দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ, মাগুরা, রাজধানীর কাওলা, কক্সবাজার ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরো আটজনের প্রাণহানি হয়েছে। রাজশাহীতে বাঘায় বাসচাপায় বাবা ও মেয়ের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে গতকাল সকালে মাইক্রোবাসে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার সাতোর ইউনিয়নের বেঙপুকুর এলাকায় একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন মারা যান। গুরুতর আহতাবস্থায় বাকি চারজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড কলোনি এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসচালক মানিক হোসেন (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালদাড় গ্রামের ইমরুল হাসান (৪৩) এবং রানীশংকৈল উপজেলার মালিভিটা গ্রামের জুলফিকার আলী (৪৫)। নিহতের মধ্যে তিনজন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা ছিলেন।

বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর জানান, ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। বিষয়টি দশমাইল হাইওয়ে পুলিশ তদন্ত করছে। তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।

হবিগঞ্জ: জেলার বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, বেলা ৩টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাগুরা: পৃথক সড়ক দুর্ঘটনায় মাগুরায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সদর উপজেলার ইছাখাদা ও কেচুয়াডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মাহাবুবুর রহমান জানান, সকালে মাগুরা থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ইছাখাদা এলাকায় মাহিন্দ্রার সঙ্গে একটি বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রায় থাকা আব্দুস সালাম খান (৬০) ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মারিয়া নামের এক শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

ঢাকা: রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাজন মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রাজন মোল্লার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাদেরপাড়া গ্রামে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

কক্সবাজার: চকরিয়ায় বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার জাফর আলম (৫২) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুল মালেক (৪৬)।

ফরিদপুর: জেলার মধুখালীতে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে উপজেলার বাগাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারী: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আসাদুল ইসলাম (৪৫) বগুড়ার আদমদীঘি থানার ছাতিনগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ইটবোঝাই ট্রাকের চালক ছিলেন।

সদর থানার ওসি এম আর সাঈদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ইটবোঝাই একটি ট্রাক দারোয়ানি টেক্সটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালিবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালিবোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। আর ইটবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।

রাজশাহী: জেলার বাঘায় বাসচাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বানিয়াপাড়ার শান্ত ইসলাম (৪৫) ও তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকার কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান্ত ইসলামের একটি ও তার মেয়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।