কুড়িগ্রামের রৌমারীতে এক স্কুল ছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে তার বোয়ালমারীর বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।
ওই ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদা খাতুন বাদি হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানির পর আজ সোমবার দুপুরে এ মামলার রায় দেয়া হয়।










