কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে আমিন হোসেন (৪৬) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মিয়াজীপাড়ার মৃত জাবরু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিন হোসেন গতকাল কদমতলা গ্রামের সুরেশ চন্দ্র মণ্ডলের বিক্রি করা গাছ কাটতে যান। পরে ডাল কাটতে গিয়ে গাছে ওঠেন তিনি। একপর্যায়ে গাছের ডালে কোপ দিতে গিয়ে দায়ের সামনের অংশ খুলে এসে আমিন হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গাছ থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব জানান, আমিন হোসেনকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









