নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় সরকারি নির্দেশনা মোতাবেক, জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চলমান শৈত্য প্রবাহের আবহাওয়া পূর্বাভাসের ফলাফল দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। আজ এ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে দেরিতে আবহাওয়া পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বেড়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনা করে সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
নওগাঁ শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, চলমান শৈত্য প্রবাহে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে সোমবার তাপমাত্রা আবারো ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জেলার সকল সরকারি-বেসরকারি পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অব্যাহত থাকলে নতুন নির্দেশনা দেয়া হবে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম জানান, এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার (২০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সেটা কমে গিয়ে আজ ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এটাকে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়। এ রকম তাপমাত্রা আরো দু-এক দিন অব্যাহত থাকতে পারে।










