সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাদারীপুরে চারজন, মেহেরপুরে তিন, রংপুর ও কিশোরগঞ্জে দুজন করে এবং রাজধানী ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, গাইবান্ধা ও নড়াইলে একজন করে। নিহতদের মধ্যে সাতজনই মোটরসাইকেল আরোহী।

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন শেখ (৫৫)। গতকাল এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য রুহুল আমিনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। রুহুল আমিনের গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি সবুজবাগ এলাকায় থাকতেন।

মাদারীপুর: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন, শরিয়তপুর জেলার পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী এবং একই এলাকার অলি খান ও রমজান সরদার।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার সময় আরো দুজন মারা গেছে।’

রংপুর: মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে। নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, উপজেলার ট্যাক্সেরহাটে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেলচালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। গতকাল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

বগুড়া: সারিয়াকান্দির কুতুবপুরে আখবোঝাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ধুনট উপজেলার ঝিনাই গ্রা‌মের মোফাজ্জল সরকারের পুত্র মো. আব্দুল হাকিম (৩২) মারা যান। তিনিই ভ্যান চালাচ্ছি‌লেন।

গাইবান্ধা: ঈদের প্রথম দিন পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ঈদের দিন সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপকমিশনার দ্বীন এ আলম বলেন, ‘রনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্তা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’

নড়াইল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম মোল্লা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় নড়াইলের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্লা সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্লার ছেলে।

সিয়ামের বাবা মশিয়ার মোল্লা বলেন, ‘ঘুরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সিয়াম। এর মধ্যেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফোন আসে সিয়াম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেছেন। ঢাকা নেয়ার পথে প্রাণ যায় আমার সিয়ামের।’

মেহেরপুর: মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। ঈদের দিন সন্ধ্যায় মেহেরপুর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে আক্তারুজ্জামান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজলোর বাড়িবাকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আল ইমরান (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস আমঝুপি এলাকা থেকে বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে মাইল পোস্টে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি।

কিশোরগঞ্জ: কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আল আমিন (২৭) লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে ও শামীম মিয়া (২৫) গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে। তারা দুজনই কাঠমিস্ত্রি ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেয়ার পথে মারা যান আল আমিন।