দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় সাভার, রাজবাড়ী, চট্টগ্রাম ও ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সাভার: সাভারে ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শায়েত শেখ (৪০) ও মো. হোসাইন (৫৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও বাসচালক এবং হেলপার পলাতক রয়েছেন।
রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রণয় কুমার সরকার (২৭) উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রণয়ের বাড়িতে চাচার বৌভাত অনুষ্ঠান চলছিল। কেনাকাটার জন্য মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে যাচ্ছিলেন প্রণয়। নলিয়া মেলার মাঠের কাছে গেলে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রণয় মারা যান।
চট্টগ্রাম: লোহাগাড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাছির মোল্লার (৬০) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহ: ইজিবাইকচাপায় সাইমা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নেয়ার আগে শিশুটি মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।










