পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘নারীদের ডিজিটাল হয়রানি একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যা জাতীয় সীমারেখা অতিক্রম করেছে এবং এর জন্য সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। নারীদের ডিজিটাল হয়রানি মোকাবেলায় বাংলাদেশ একটি বৈশ্বিক প্লাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ঢাকায় একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল আন্তর্জাতিক সিইডিএডব্লিউ দিবস উপলক্ষে মহিলা পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি বৈশ্বিক প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে চাই, যার মালিকানা ও উদ্যোগ বাংলাদেশের থাকবে।’

প্রায় তিন মাস আগে সেনেগালে অনুষ্ঠিত ডাকার পিস অ্যান্ড সিকিউরিটি ফোরামে বাংলাদেশ ‘এন্ডিং ডিজিটাল হ্যারাসমেন্ট অ্যাগেইনস্ট উইমেন: ঢাকা ডায়ালগ’ শীর্ষক উদ্যোগটি উত্থাপন করেছে। এ বিষয়ে তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সরকার ঢাকায় এ উদ্যোগের ওপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম কার্যত মূলধারার তথ্যপরিসরের অংশ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘তবে ডিজিটাল প্লাটফর্মে নারীদের লক্ষ্য করে হয়রানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

প্রতিমন্ত্রী জানান, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ১৩২৫-এর আলোকে বাংলাদেশ তৃতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে শামা ওবায়েদ বলেন, ‘সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং যোগ্য নারীদের সিদ্ধান্ত গ্রহণের পদে বসানোর ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বৃহত্তর সামাজিক পরিবর্তন প্রয়োজন।’