জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ নন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ ধরনের মন্তব্যে তারা বরং অভ্যস্ত হয়ে গেছেন।
আজ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগতভাবে তার পছন্দের মানুষ এবং তিনি মুখের ওপর কথা বলেন। বৈঠকে এক ধরনের কথা বললেও বাইরে গিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে গালিগালাজ ও সমালোচনা করেন পাটোয়ারী। তবে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে নেতিবাচক হিসেবে নিচ্ছেন না।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির মাধ্যমে হয়েছিল এবং বর্তমান কমিশন প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে টিকে আছে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ না হলে প্রতিবাদ করা হবে এবং আরেকটি গণঅভ্যুত্থান হলে সবার আগে নির্বাচন কমিশনে হাত দেয়া হবে। নির্বাচনে অনিয়মের কারণে এ কমিশনের বিচার বাংলার মাটিতে করার কথাও বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণে দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি তার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সবার সহযোগিতাও চান সিইসি।
এ এম এম নাসির উদ্দিন আরো বলেন, নির্বাচনী ব্যবস্থার কোথাও কোনো ফাঁকফোকর থাকলে তা আলোচনার মাধ্যমে পূরণের চেষ্টা করা হবে। বিধি-বিধান সংশোধন করে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর তারিখ নির্ধারণ করা হবে। কারণ সরকারও চলতি বছরের শেষ নাগাদ এ নির্বাচন শুরু করার কথা জানিয়েছে।
সুন্দর নির্বাচন আয়োজনের জন্য বিগত সরকারের কর্মকর্তাদের বাদ দেয়ার দাবির বিষয়ে সিইসি বলেন, সবাইকে বাদ দিলে নির্বাচন করা সম্ভব হতো না। তাই তিনি সবাইকে বুঝিয়ে ও শপথ পড়িয়ে নির্বাচন আয়োজন করেছেন এবং অনেক মসজিদে গিয়েও এ বিষয়ে আলোচনা করেছেন।










